• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে মানসিকতা পরিবর্তনের আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে মানসিকতা পরিবর্তনের আহ্বান

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭
  • ২৪

---

 

ইবি রিপোর্ট

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর কার্যকর করতে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি শিক্ষকদের মানসিকতা, মূল্যবোধ ও দায়িত্ব পালনের অঙ্গীকারে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন তিনি।

কক্সবাজারের একটি হোটেলে পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি-৪)’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক রাকিবুল হক। গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অধ্যাপক রাকিবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ শিক্ষকদের পেশাগত বিকাশে সহায়ক। একইভাবে জুনিয়র শিক্ষকদেরও অন্যদের পরামর্শ গ্রহণ এবং নতুন ধারণার প্রতি উন্মুক্ত মনোভাব রাখা প্রয়োজন। শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে উঠলে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষাদানের মানও উন্নত করা সম্ভব হবে।

প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শুধু ট্রেইনার নন। আপনারা মেন্টর, রোল মডেল এবং পরিবর্তনের কারিগর।’ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য শিক্ষকদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে পাঠদান ও শিখনপ্রক্রিয়ার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন।

হিট প্রকল্পের আওতায় ইতোমধ্যে মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারদের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে জানান অধ্যাপক রাকিবুল হক। এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষকের শিক্ষাদান দক্ষতা উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অব একাডেমিক অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।

এ ছাড়া বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন তৌফিক হাসান, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা। তাঁরা প্রশিক্ষণ কার্যক্রম এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্পের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে। জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গত ২৪ অক্টোবর শুরু হওয়া চার দিনের এ কার্যক্রমে পাঠ্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকেরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। শিক্ষকদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষক নেটওয়ার্কের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখাই এ উদ্যোগের লক্ষ্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20508 ,   Print Date & Time: Wednesday, 28 October 2026, 10:00:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh