• হোম > জাতীয় | বাংলাদেশ > বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানের ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদার

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানের ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদার

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৪০
  • ২৮

---

 

ইবি রিপোর্ট

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর জন্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে ফাউন্ডেশনটির আয়োজনে স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

সেমিনারে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা নিয়ে কথা বলেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে নীতিগত অগ্রাধিকার দিয়েছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়ানো, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড চালুর মতো উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

স্বাস্থ্যকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই বিকশিত হচ্ছে। দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক খাতের নতুন চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ রয়েছে।

শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করার ক্ষেত্রেও দুই দেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং সহিংসতা, দারিদ্র্যসহ বিভিন্ন ঝুঁকি থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

বিশ্বজুড়ে আন্তঃসংযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য কূটনীতির ভূমিকার ওপরও গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে স্বাস্থ্য কূটনীতি কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদানের কথাও তুলে ধরেন তিনি। চিকিৎসক হিসেবে দেশে নিজের পেশাগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপযুক্ত স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, স্বাস্থ্য গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

সাসাকাওয়া পিস ফাউন্ডেশন শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার প্রশংসা করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে বাংলাদেশে ফাউন্ডেশনটির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত সম্পদ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যোন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলোতে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত।

সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20494 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 03:30:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh