• হোম > জাতীয় | বাংলাদেশ > এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৬:০২
  • ১৪

---

 

ইবি রিপোর্ট

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সিদ্ধান্তে ফল প্রকাশের তারিখ দুই দিন পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবের ভিত্তিতে প্রথমে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। গত ২ জুলাই সারা দেশে একযোগে এসব বোর্ডের পরীক্ষা শুরু হয়।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এসব পরীক্ষার জন্য সারা দেশে কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৯৭টি। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণের ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের এখন ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20479 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 11:58:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh