• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > নয় মাসে গ্রামীণফোনের ব্যবসা ১১ হাজার ৭৫৬ কোটি টাকা

নয় মাসে গ্রামীণফোনের ব্যবসা ১১ হাজার ৭৫৬ কোটি টাকা

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:২৮
  • ১৪

---

ইবি রিপোর্ট

চলতি বছরের প্রথম নয় মাসে দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন ১১ হাজার ৭৫৬ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ব্যবসা কমেছে ১৯২ কোটি টাকা। একই সময়ে মুনাফাও কমেছে ৯২ কোটি টাকা।

গ্রামীণফোনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। পরে তা কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণফোনের মুনাফা হয়েছে ২ হাজার ১৭২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ২৬৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ৪ শতাংশের বেশি।

কমেছে ব্যবসা ও পরিচালন মুনাফা

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ১১ হাজার ৯৪৮ কোটি টাকা। ফলে ব্যবসা কমেছে ১৯২ কোটি টাকা বা দেড় শতাংশের বেশি।

এ সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফাও কমেছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে পরিচালন মুনাফা হয়েছে ৪ হাজার ১৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ৪ হাজার ২৯৭ কোটি টাকা। সেই হিসাবে পরিচালন মুনাফা কমেছে ১০৯ কোটি টাকা।

পরিচালন মুনাফা থেকে কর, ব্যাংকঋণ ও সুদ বাবদ ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লাভ-লোকসানের হিসাব সমন্বয়ের পর কর-পরবর্তী মুনাফা নির্ধারিত হয়।

প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে এ খাতে গ্রামীণফোনের খরচ হয়েছে ৫০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৪৫৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ঋণ ও সুদ বাবদ ব্যয় বেড়েছে ৫৩ কোটি টাকা।

কর বাবদ সরকারের আয় কিছুটা কমেছে

চলতি বছরের প্রথম নয় মাসে কর বাবদ সরকারকে ১ হাজার ৫০৩ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৫১০ কোটি টাকা। ফলে কর বাবদ ব্যয় কমেছে ৭ কোটি টাকা।

তৃতীয় প্রান্তিকে ব্যবসা ও মুনাফায় বড় পরিবর্তন নেই

জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের পাশাপাশি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের হিসাবও প্রকাশ করেছে গ্রামীণফোন। এ তিন মাসে কোম্পানিটির ব্যবসা হয়েছে প্রায় ৪ হাজার ১৭ কোটি টাকার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪ হাজার ১০ কোটি টাকা।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৭৫১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের সমান। অর্থাৎ এ প্রান্তিকে ব্যবসা ও মুনাফায় বড় কোনো পরিবর্তন হয়নি। বছরের প্রথম ছয় মাসে ব্যবসার তুলনামূলক দুর্বল অবস্থার প্রভাব নয় মাসের সামগ্রিক হিসাবে পড়েছে।

বেড়েছে সম্পদমূল্য

আয় ও মুনাফা কমলেও গ্রামীণফোনের সম্পদমূল্য বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাস শেষে কোম্পানিটির স্থায়ী ও অস্থায়ী সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২০ হাজার ২২২ কোটি টাকায়। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯ হাজার ১৩২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সম্পদমূল্য বেড়েছে ১ হাজার ৯০ কোটি টাকা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20471 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 11:21:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh