![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকের নতুন ক্রেতা খোঁজা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে হংকংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাপারেল রোড শো। দিনব্যাপী এ আয়োজনে বিদেশি ক্রেতাদের সামনে দেশের পোশাক উৎপাদনের সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদনব্যবস্থা তুলে ধরবেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।
বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ও তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে বুধবার এ আয়োজন করছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৫৭টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে ২৬–২৭ জনের একটি দলও অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
হংকংয়ের আইসল্যান্ড সাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন এইচএসবিসির হেড অব গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং (করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং) অলিভার জোনস, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহ মোহাম্মদ তানভীর মনসুর।
কেন হংকংকে বেছে নেওয়া হলো
হংকংয়ে রোড শো আয়োজনের কারণ ব্যাখ্যা করে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সোর্সিং অফিস চীনে থাকে। সেখান থেকে তারা কাঁচামাল সংগ্রহ করে। এ কারণে ক্রেতাদের কাছে পৌঁছাতে হংকংকে বেছে নেওয়া হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের এমন ক্রেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যারা এখনো বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনে না। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইইউ ও কানাডার যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তুলনামূলক কম পোশাক কেনে, তাদের কাছেও সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হবে।
আলোচনায় বাংলাদেশের পোশাকশিল্প
রোড শোতে ‘কেন বাংলাদেশ: ঐতিহ্য ও ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। ‘বাংলাদেশ থেকে কেন পোশাক কিনবেন’ শীর্ষক অধিবেশনে অংশ নেবেন বিজিএমইএর সভাপতি, এপিক গ্রুপের চেয়ারম্যান রঞ্জন মাথানি, পিডিএস গ্রুপের সিম্পল অ্যাপ্রোচের ব্যবস্থাপনা পরিচালক সানি মালহোত্রা এবং ডেটা ডেভেলপ কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হ্যানরি সু। অধিবেশনটি সঞ্চালনা করবেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান।
অনুষ্ঠানস্থলে বাংলাদেশের কারখানায় তৈরি বিভিন্ন ধরনের পোশাকও প্রদর্শন করা হবে। এতে বিদেশি ক্রেতারা দেশের পোশাকশিল্পের পণ্য ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।
আয়োজনে আলভালন, চিসেজ হোল্ডিং গ্রুপ, গ্যালাক্সি সান, ক্যারফুর, সেন্ট্রিক ব্র্যান্ডস, এইচঅ্যান্ডএম, জে ক্রু, কিয়াবি, লাকোস্ত, মারুবেনি, পিভিএইচ, সেইন্সবারি, টার্গেট ও উইনিং রিসোর্সেসসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
জ্বালানি সংকটের মধ্যেও রপ্তানি বাড়ানোর চেষ্টা
দেশের শিল্প খাত দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে। এতে উৎপাদন ব্যয় বাড়লেও ক্রেতাদের ক্রয়াদেশ অনুযায়ী সময়মতো পণ্য রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন মাহমুদ হাসান খান।
তিনি বলেন, জ্বালানি সংকটে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে। তবে রপ্তানির সময়সূচি মেনে চলার ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে না।
বিজিএমইএর সভাপতি জানান, এ রোড শোর মাধ্যমে নতুন ক্রেতা প্রতিষ্ঠানকে বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বর্তমানে যারা কম পরিমাণে পোশাক কিনছে, তাদের কাছে সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হবে।