• হোম > অর্থনীতি | দেশজুড়ে > সচিবালয়সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সচিবালয়সহ ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:১৬
  • ১০

---

ইবি রিপোর্ট

গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় ভোগান্তির সৃষ্টি হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। চট্টগ্রামের কিছু এলাকাও এ বিভ্রাটের আওতায় পড়েছে।

বিপর্যয়ের কারণ এখনো অজানা

সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ে বিদ্যুতের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) থেকে তাঁকে জানানো হয়েছে, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।

তবে ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ডিপিডিসি। প্রাথমিকভাবে ধানমন্ডি-উলন গ্রিডে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনো জানা যায়নি। সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

রাজধানীর যেসব এলাকায় বিদ্যুৎ নেই

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সচিবালয় ও আশপাশের এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলমান থাকলেও কখন সব এলাকায় সংযোগ স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20465 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 11:00:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh