![]()
ইবি রিপোর্ট
চলতি বছর মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলারে। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। তবে অর্থনীতির মোট আকার, প্রবৃদ্ধি ও ক্রয়ক্ষমতার হিসাবে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।
গত রোববার প্রকাশিত আলজাজিরার এক বিশ্লেষণে আইএমএফের পূর্বাভাসের ভিত্তিতে এ চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাত বছর মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে ছিল। তবে ২০২৫ সালে ভারত আবার বাংলাদেশকে ছাড়িয়ে যায়। আইএমএফের নতুন পূর্বাভাস বলছে, ২০২৬ সালে বাংলাদেশ পুনরায় এ সূচকে এগিয়ে থাকতে পারে।
পোশাক রপ্তানি ও প্রবাসী আয়ে অর্থনৈতিক অগ্রগতি
আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত দুই দশকে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক অগ্রগতির উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করা দেশটির অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়েও বড়।
তৈরি পোশাক রপ্তানি, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
আইএমএফের চলতি মাসে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মোট জিডিপি হতে পারে ৫০৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের জিডিপি হতে পারে ৪ লাখ ১৫ হাজার কোটি ডলার, যা বাংলাদেশের অর্থনীতির আকারের প্রায় আট গুণ।
চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বাংলাদেশে প্রবৃদ্ধির হার হতে পারে ৩ দশমিক ৬ শতাংশ।
২০২৯ সালে এগিয়ে যেতে পারে ভারত
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ সামান্য এগিয়ে থাকতে পারে। তবে ২০২৯ সালে ভারতের মাথাপিছু জিডিপি বেড়ে ৩ হাজার ৬৬১ ডলারে পৌঁছাতে পারে। সে সময় বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ৩ হাজার ৩৩৪ ডলার।
এদিকে ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) বিবেচনায় দুই দেশের মধ্যে ব্যবধান আরও বেশি। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে পিপিপি হিসাবে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ১২ হাজার ৯৯৮ ডলার। বাংলাদেশের ক্ষেত্রে এ পরিমাণ হতে পারে ১০ হাজার ৮৮৪ ডলার।
অর্থনীতিবিদদের কাছে মাথাপিছু জিডিপি একটি দেশের গড় অর্থনৈতিক উৎপাদন বোঝার সূচক হলেও এটি সরাসরি মানুষের আয় বা জীবনযাত্রার মান নির্দেশ করে না। তাই এ সূচকে বাংলাদেশ এগিয়ে থাকলেও দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও মানুষের ক্রয়ক্ষমতার পার্থক্য বিবেচনায় রাখা প্রয়োজন।