• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সিঙ্গার বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ

সিঙ্গার বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৪:৩৯
  • ৩১

---

ইবি রিপোর্ট

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তুরস্কের বিনিয়োগ প্রতিষ্ঠান কচ্ হোল্ডিং এবং গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড বেকো। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করে সিঙ্গার বাংলাদেশের আধুনিক উৎপাদন কারখানা, সিঙ্গার-বেকো কনসেপ্ট স্টোর ও করপোরেট অফিস পরিদর্শন করেছেন।

প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজিউমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার এবং আর্সেলিক হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার এবং বেকোর চিফ প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি অফিসার নিহাত বায়িজ।

সফরকালে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ প্রতিষ্ঠানটির চলমান ব্যবসায়িক কার্যক্রম এবং বাংলাদেশের বাজারে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় বাজারের পরিবর্তনশীল চাহিদা পূরণে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

উৎপাদন সক্ষমতা ও কর্মপরিবেশ উন্নয়নে উদ্যোগ

সিঙ্গার বাংলাদেশ উৎপাদনব্যবস্থা, ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের কাজের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক উৎপাদন কারখানা ও কনসেপ্ট স্টোর চালু করা। পাশাপাশি বেকোর আন্তর্জাতিক কর্মপরিবেশের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীবান্ধব করপোরেট অফিসে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটি।

এসব উদ্যোগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের সেবা ও কর্মীদের কর্ম-অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য নির্ধারণ করেছে সিঙ্গার বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির কার্যক্রমে কচ্ গ্রুপ ও বেকোর আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিশেষায়িত দক্ষতা কাজে লাগানো হচ্ছে। ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের ভোক্তাদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা দেওয়ার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য

কচ্ গ্রুপের বিনিয়োগ বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এ বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে কাজ করছে দুই দেশ।

বাংলাদেশে কচ্ গ্রুপ ও বেকোর বিনিয়োগ এবং সিঙ্গার বাংলাদেশের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20455 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 10:29:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh