• হোম > অর্থনীতি | ব্যাংক | রাজধানী > রূপায়ণ সিটি উত্তরায় স্কুল ক্যাম্পাস স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপায়ণ সিটি উত্তরায় স্কুল ক্যাম্পাস স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩
  • ১৮

---

 

ইবি রিপোর্ট

রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটিতে নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা (অসিস)। এ লক্ষ্যে রূপায়ণ গ্রুপ ও শিক্ষাপ্রতিষ্ঠানটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রূপায়ণ সিটির স্কাই ভিলা লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা হয়। রূপায়ণ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, ‘আজ আমরা একটি সমঝোতায় উপনীত হয়েছি। রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের আগমন দেশের আবাসন ও শিক্ষা খাতকে আরো সমৃদ্ধ করবে।’

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা আমাদের কাছে শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে পরিবারগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাসের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাবে। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আমাদের সেই বৃহত্তর পরিকল্পনাকে আরো এগিয়ে নেবে।’

রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আবাসন প্রকল্পটির পরিকল্পনার সঙ্গে শিক্ষার সুযোগ যুক্ত করার একটি পদক্ষেপ। এ উদ্যোগের মাধ্যমে আবাসিক এলাকায় বসবাসকারী পরিবারগুলোর জন্য শিক্ষা ও জীবনযাপনের সুবিধা একসঙ্গে গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে যাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল এবং পরিচালক ও নির্বাচন ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মমতাজুল করিম আনসারী অনুষ্ঠানে অংশ নেন।

রূপায়ণ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খান অতুল ও ওয়ালিদ মুখাই আলী। অনুষ্ঠানে আরও ছিলেন গ্রুপটির উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পিজে উল্লাহ।

এ ছাড়া রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পরিচালক (মার্কেটিং) অমিত চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে উত্তরার রূপায়ণ সিটিতে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20435 ,   Print Date & Time: Tuesday, 27 October 2026, 08:47:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh