![]()
ইবি রিপোর্ট
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের হাত ধরেই ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’ একই সঙ্গে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির বাছাই করা সেরা শিক্ষার্থী ও শিক্ষকরা এ সফরে অংশ নেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতাও করেন তিনি।
বক্তব্যে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের যথাযথ সম্মান করার পরামর্শ দেন। সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের ত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের সবসময় সম্মান করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে তেমনি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবনের ঐতিহাসিক ও রাষ্ট্রীয় গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি কেবল একটি ভবন নয়; রাষ্ট্রের প্রতীক এবং ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের এই সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গভবন নিয়ে, রাষ্ট্র নিয়ে, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে যেন তোমাদের আগ্রহ সৃষ্টি হয়, সে জন্যই আজ তোমাদের এই পরিদর্শন।’
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জনের ওপরও জোর দেন রাষ্ট্রপতি। নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে তাদের প্রতি আহ্বান জানান তিনি। তার মতে, ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে মনোযোগী হওয়া প্রয়োজন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের মধ্যে রাষ্ট্র, ইতিহাস ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরির লক্ষ্যেই শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।