• হোম > আইন আদালত > আইনজীবীদের অন্য পেশায় কাজের অভিযোগ, নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট

আইনজীবীদের অন্য পেশায় কাজের অভিযোগ, নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:০৩
  • ২২

---

 

ইবি রিপোর্ট

আইন পেশার সনদ নিয়েও আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা ও অন্যান্য কাজে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার কাউন্সিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হলেও সাড়া না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

সোমবার (২৬ অক্টোবর) রিটকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বার কাউন্সিলের কাছে আবেদন করেছিলেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। আবেদনে আইন পেশার সনদ গ্রহণের পরও পেশাটিতে নিয়োজিত না থেকে বিভিন্ন চাকরি ও ব্যবসায় যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হয়।

আবেদনে বলা হয়, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার সম্মান অক্ষুণ্ণ রাখা সবার দায়িত্ব। কিন্তু অনেক আইনজীবী সনদ পাওয়ার পর আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি ও ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, কেউ কেউ আদম ব্যবসা, গাড়ির শোরুম, পরিবহন ব্যবসা, ইট-বালু-সিমেন্টের ব্যবসা, মোবাইলের ফ্লেক্সিলোড এবং বিকাশ এজেন্টের দোকান পরিচালনা করছেন। আবার কেউ কেউ বিদেশে অবস্থান করে চাকরি করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আইন পেশার সনদ সমর্পণ না করেই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক-প্রতিষ্ঠান, বিমা ও ইন্স্যুরেন্স কোম্পানি, ওষুধের ফার্মেসি এবং মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত থাকার বিষয়টিও আবেদনে তুলে ধরা হয়েছে।

রিটকারীর আবেদনে এসব কর্মকাণ্ডকে বার কাউন্সিলের আইন ও বিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এ ধরনের কার্যক্রম আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আবেদনের পরও কোনো সাড়া না পাওয়ায় গত ১২ আগস্ট বার কাউন্সিলকে আইনি নোটিশ পাঠান ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। তবে সেই নোটিশেরও জবাব না পাওয়ার পর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের মাধ্যমে মূলত আইন পেশার সনদধারী হয়েও অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বার কাউন্সিলের নিষ্ক্রিয়তার বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20393 ,   Print Date & Time: Monday, 26 October 2026, 01:16:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh