• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ইউরোজোনের বাণিজ্য ঘাটতি বেড়ে ১ হাজার ৬১১ কোটি ইউরো

ইউরোজোনের বাণিজ্য ঘাটতি বেড়ে ১ হাজার ৬১১ কোটি ইউরো

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:১৬
  • ১২

---

ইবি রিপোর্ট

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পণ্য বাণিজ্যে ইউরোজোনের ঘাটতি গত আগস্টে বেড়ে ১ হাজার ৬১১ কোটি ইউরোয় দাঁড়িয়েছে। গত বছরের একই মাসে এ ঘাটতি ছিল মাত্র ১৭০ কোটি ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ১ হাজার ৪৪১ কোটি ইউরো। আমদানির প্রবৃদ্ধি রপ্তানির চেয়ে বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রাথমিক হিসাবের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে সাইপ্রাস মেইল।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে ইউরোজোনের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়ে ২২ হাজার ৭৭০ কোটি ইউরোয় পৌঁছেছে। অন্যদিকে আমদানি বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। এ সময়ে আমদানির মোট মূল্য দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮০ কোটি ইউরো। ফলে রপ্তানি আয় বাড়লেও আমদানি ব্যয় আরও দ্রুত বাড়ায় অঞ্চলটি বাণিজ্য ঘাটতিতে পড়েছে।

এর আগের মাস জুলাইয়ে ইউরোজোনের পণ্য বাণিজ্যে ১ হাজার ৭০ কোটি ইউরোর উদ্বৃত্ত ছিল। মাত্র এক মাসের ব্যবধানে উদ্বৃত্ত থেকে ঘাটতিতে চলে যাওয়ায় অঞ্চলটির বাণিজ্য পরিস্থিতিতে বড় পরিবর্তন দেখা দিয়েছে।

জ্বালানি বাণিজ্যেও ঘাটতি বেড়েছে

ইউরোজোনের জ্বালানি পণ্য বাণিজ্যেও ঘাটতি বেড়েছে। গত বছরের আগস্টে এ খাতে বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ১৩০ কোটি ইউরো। চলতি বছরের একই মাসে তা বেড়ে ২ হাজার ৬৭০ কোটি ইউরোয় দাঁড়িয়েছে।

বছরের প্রথম আট মাসের হিসাবেও বাণিজ্য পরিস্থিতির অবনতি দেখা গেছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোজোনের পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৪০ কোটি ইউরো। অথচ গত বছরের একই সময়ে অঞ্চলটির বাণিজ্যে ৯ হাজার ৯০ কোটি ইউরোর উদ্বৃত্ত ছিল।

এ আট মাসে ইউরোজোনের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ লাখ ৯৯ হাজার কোটি ইউরোয় পৌঁছেছে। একই সময়ে আমদানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। এতে আমদানির মোট মূল্য দাঁড়িয়েছে ২ লাখ কোটি ইউরো।

ইইউর বাণিজ্যেও ঘাটতি বৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পণ্য বাণিজ্যেও একই প্রবণতা দেখা গেছে। আগস্টে ইইউর বাইরের দেশগুলোর সঙ্গে জোটটির পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৫২০ কোটি ইউরো। গত বছরের একই মাসে এ ঘাটতি ছিল ৭৫০ কোটি ইউরো।

ইউরোজোন ও ইইউর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রপ্তানি বাড়লেও আমদানি তুলনামূলক দ্রুত বৃদ্ধি পাওয়ায় উভয় অঞ্চলের পণ্য বাণিজ্যের ভারসাম্যে চাপ তৈরি হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20328 ,   Print Date & Time: Sunday, 25 October 2026, 02:08:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh