• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > হিলি স্থলবন্দরে আটদিন পর শুরু আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দরে আটদিন পর শুরু আমদানি-রপ্তানি

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:০৯
  • ২০

---

ইবি রিপোর্ট

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে বীজবোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সচল হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ১৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ১৭ থেকে ২৩ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন। ছুটি শেষে শনিবার দুপুর থেকে দুই দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া শুরু হয়েছে।

তিনি জানান, দীর্ঘ বিরতির পর বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানালও আটদিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনের অন্যতম প্রবেশপথ হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার থেকে আবার পণ্য আনা-নেওয়া শুরু হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20326 ,   Print Date & Time: Sunday, 25 October 2026, 02:09:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh