![]()
ইবি রিপোর্ট
অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে তার এ সরকারি সফর।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি জানানো হয়েছে।
সফরের প্রথম পর্যায়ে শামা ওবায়েদ স্পেনের সেভিলে যাবেন। সেখানে ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ প্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’।
বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপন এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরিতেও এক্সপোটি ভূমিকা রাখবে।
স্পেনে অবস্থানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এসব খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনার কথা রয়েছে।
স্পেন সফরের কর্মসূচি শেষ করে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে যাবেন শামা ওবায়েদ ইসলাম। এ পর্যায়ে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার অঙ্গীকার প্রতিফলিত হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার প্রচেষ্টাও এ সফরের লক্ষ্য।