• হোম > রাজনীতি > লগি-বৈঠার সহিংসতার বিচার দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

লগি-বৈঠার সহিংসতার বিচার দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭
  • ৩৬

---

 

ইবি রিপোর্ট

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং দোয়া অনুষ্ঠান।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। অথচ এখনো হত্যাকারীদের বিচার হয়নি। বিষয়টিকে দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে তিনি এ ধরনের বর্বর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দলের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20291 ,   Print Date & Time: Sunday, 25 October 2026, 09:03:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh