• হোম > বিনোদন > অমিতাভ ও দিলজিতকে ঘিরে নতুন হামলার হুমকি মুম্বাইয়ে

অমিতাভ ও দিলজিতকে ঘিরে নতুন হামলার হুমকি মুম্বাইয়ে

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৯
  • ২৫

---

 

ইবি বিনোদন ডেস্ক

বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে হামলার হুমকি পেয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন ও গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। অমিতাভের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’ এবং দিলজিতের আসন্ন কনসার্টে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়েও পাঠানো হয়েছে হুমকিমূলক বার্তা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়ের দপ্তরে একটি ই-মেইল আসে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, ওই বার্তায় উগ্রপন্থী স্লোগানের পাশাপাশি হামলার হুমকি দেওয়া হয়।

ই-মেইলে আগামী ২৭ অক্টোবর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর বার্তাটির উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে দিল্লির একাধিক নামী স্কুলেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানোর ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩০ অক্টোবর দিলজিতের নির্ধারিত কনসার্টও বাতিল করেছিল দিল্লি পুলিশ। এবার মুম্বাইয়ের অনুষ্ঠানকে ঘিরে নতুন হুমকির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বলিউড তারকাদের লক্ষ্য করে হামলা ও হুমকির ঘটনা অবশ্য নতুন নয়। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক গুরুতর আহত হন।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ ছাড়া হামলার দায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং স্বীকার করেছে বলেও জানা গেছে।

ওই ঘটনার তদন্তে হামলাকারীদের নজরদারির বিষয়ে আরও তথ্য সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার ও রণবীর কাপুরের বাড়ির আশপাশে নজরদারি চালিয়েছিল দুষ্কৃতকারীরা।

অমিতাভের বাড়িতে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকায় সেখানে হামলার সুযোগ পায়নি তারা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এবার মুম্বাইয়ের মেয়রের দপ্তরে পাঠানো ই-মেইলে অমিতাভের বাড়ি ও দিলজিতের কনসার্টে হামলার হুমকি দেওয়ার ঘটনায় তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হুমকির উৎস শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20263 ,   Print Date & Time: Saturday, 24 October 2026, 01:27:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh