• হোম > জাতীয় | দেশজুড়ে > মেট্রোরেল স্টেশনে যুক্ত হচ্ছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম

মেট্রোরেল স্টেশনে যুক্ত হচ্ছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯
  • ৩০

---

ইবি রিপোর্ট

রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে স্টেশনগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সরঞ্জামের মাধ্যমে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।

এ উদ্দেশ্যে নিরাপত্তাসংক্রান্ত আধুনিক সরঞ্জাম সংগ্রহে আনুষ্ঠানিকভাবে অনলাইন দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ই-দরপত্র আহ্বান করেন।

ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের বহন করা ব্যাগ ও মালামাল সুনির্দিষ্টভাবে তল্লাশির জন্য এসব আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে।

দরপত্র বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধন করে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্ধারিত হেল্পডেস্ক থেকে পাওয়া যাবে।

এমআরটি লাইন-৬-এর ডিপোতে রক্ষণাবেক্ষণও অন্তর্ভুক্ত

একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জাম ও ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের উদ্যোগের পাশাপাশি ডিপোর বৈদ্যুতিক ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণও মেট্রোরেলের কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ। তবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দিষ্ট সময়সূচি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20229 ,   Print Date & Time: Saturday, 24 October 2026, 08:46:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh