• হোম > আন্তর্জাতিক | বিদেশ | বিশ্ব সংবাদ > পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮
  • ২০

---

রয়টার্স

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট এবং অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে। বুধবার রাতে ত্রুটিগুলোর খবর ছড়িয়ে পড়ার পর থেকে লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার।

এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপিও ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। এর ডেভেলপাররা বুধবার শনাক্ত হওয়া দুটি নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করা হয়। ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পিএইচপির নতুন সংস্করণে হালনাগাদ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, ত্রুটিগুলো সংশোধন করে পিএইচপির হালনাগাদ সংস্করণ প্রকাশের আগেই সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপর থেকে এসব দুর্বলতা কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাইবার হামলার চেষ্টা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীদের ত্রুটিগুলোর সুযোগ নেওয়া ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত নিজেদের ওয়েবসাইট ও সফটওয়্যার হালনাগাদ করছে।

তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ওয়েবসাইট হালনাগাদের প্রচেষ্টা চলার মধ্যেই বিপুলসংখ্যক হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বুধবার এ বিষয়ে বলেন, ‘নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পরের ৪৫ মিনিটে সাইবার হামলার চেষ্টা বেড়ে কয়েক হাজার হয়ে যায়। দুই ঘণ্টার মধ্যে সংখ্যাটি কয়েক লাখে পৌঁছায়। এখন তা আরও বেশি।’

জাপানের কয়েকটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার জানিয়েছে, জরুরি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে তারা সাময়িকভাবে কিছু অনলাইন সেবা বন্ধ রেখেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে। দেশটির অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও তাদের অনলাইন সেবা সীমিত করেছে।

এদিকে ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউডও গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পিএইচপির নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি ইন্টারনেট সচল রাখতে ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তির সক্ষমতার জন্য বড় পরীক্ষা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বুধবার বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা কখনো দেখিনি।’ তাঁর মতে, নিরাপত্তা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা সম্ভব—এমন ডিজিটালব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তা এ ঘটনা আবারও সামনে এনেছে।

জার্মানির সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ফ্রাউনহোফের ইনোভেশন প্ল্যাটফর্মের সায়েন্টিফিক পরিচালক হায়া শ্কুলম্যান ঘটনাটিকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছেন। তিনি এসব ঝুঁকিকে বাস্তব বলে বর্ণনা করে নিরাপত্তা ত্রুটিগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20170 ,   Print Date & Time: Friday, 23 October 2026, 06:49:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh