• হোম > জাতীয় | দেশজুড়ে > বিজয়ার আনন্দে বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বিজয়ার আনন্দে বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৪:১৪
  • ১৭

---

ইবি রিপোর্ট

সাতক্ষীরার তালা উপজেলায় বিজয়া দশমীর অনুষ্ঠানে দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। মাত্র চার মাস আগে বিয়ে হওয়া তন্নীর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তন্নী দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এবারই প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করছিলেন তিনি।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে দুর্গাদেবীর চরণ ও কপালে সিঁদুর দেওয়ার ধর্মীয় রীতিতে অংশ নেন তিনি। এ সময় সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায়ও অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নী। কিছু বুঝে ওঠার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্বজন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তন্নীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক উত্তেজনা ও আকস্মিক গুরুতর হৃদ্‌রোগের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন তন্নীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20126 ,   Print Date & Time: Thursday, 22 October 2026, 10:13:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh