![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার (২১ অক্টোবর) রাতে এ তথ্য জানা যায়।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ বুলেটপ্রুফ বাস না থাকার বিষয়ে প্রশ্ন তোলা হয়।
পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়।
বিষয়টি নিয়ে রাজশাহী মহানগর বিএনপির নেতারা নিন্দা জানান। তাঁরা মন্তব্যকারীকে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁদের আশঙ্কা, মন্তব্যটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকির ইঙ্গিত বহন করতে পারে।
তবে মন্তব্যটির উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে বাস্তব কোনো হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে নিশ্চিত হওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা। এ ক্ষেত্রে মন্তব্যের প্রকৃত প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যটি নিয়ে তৈরি হওয়া প্রতিক্রিয়ার মধ্যে পুলিশ এ অবস্থান জানাল। তবে মন্তব্যের উদ্দেশ্য এবং বাস্তব কোনো হুমকির সঙ্গে এর যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের ফল জানা যায়নি।