![]()
ইবি রিপোর্ট
সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট আকাশপথে পরিদর্শনের পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ঘুরে দেখবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং মোংলা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে দেখতেই প্রধানমন্ত্রীর এই সফর। হেলিকপ্টারে করে খুলনায় গিয়ে বিভিন্ন এলাকা ও প্রকল্প পরিদর্শন শেষে বিকেলেই ঢাকায় ফিরে আসবেন তিনি।
সফরে সুন্দরবন সুরক্ষায় নেওয়া উদ্যোগ, মোংলা সমুদ্রবন্দরের বর্তমান পরিস্থিতি এবং সেখানে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পগুলো খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব বিষয়ে একটি পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকার বাইরে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন তিনি। এ সময় সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নেবেন তিনি।
সফরসূচি অনুসারে, দুপুর পৌনে ১টায় নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজ মোংলা’য় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমে আয়োজিত একটি পর্যালোচনা সভায় যোগ দেবেন।
সভায় সুন্দরবন সুরক্ষা, মোংলা বন্দরের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা করার কথা রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবেও এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পর্যালোচনা সভা শেষে দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন তিনি। এসব স্থানে উন্নয়ন কার্যক্রম ও প্রকল্পের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
সফরসূচির শেষ পর্যায়ে বিকেল ৪টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, মোংলা বন্দরের উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চলের প্রকল্পগুলো পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই এক দিনের সফর শেষ হবে।