![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার দায়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। কোম্পানিটির বিরুদ্ধে এ পর্যন্ত অঙ্গরাজ্য পর্যায়ে দেওয়া সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এই রায়। জরিমানার পুরো অর্থ অঙ্গরাজ্যের শিক্ষা খাতের জন্য গঠিত একটি তহবিলে জমা হবে।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) নিউ মেক্সিকোর অঙ্গরাজ্য আদালতের বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ রায় দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রায়ে বিচারক বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কিন্তু এ প্রতিশ্রুতি ছিল মিথ্যা।’
এর আগে গত মাসে একটি জুরি বোর্ডের রায়ে বলা হয়, নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের ৪ কোটি ৩০ লাখের বেশি ঘটনার জন্য মেটা দায়ী। অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো কোম্পানির বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে দেওয়া সবচেয়ে বড় জরিমানার রায়গুলোর একটি বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তোরেজ বলেন, ‘সিলিকন ভ্যালির জন্য এ রায় একটি সংকেত হওয়া উচিত। এটি একটি দ্ব্যর্থহীন বার্তা।’
আদালতে মেটার আইনজীবী ম্যাট নিকোলসন যুক্তি দিয়েছিলেন, ৪০ বিলিয়ন ডলারের মতো জরিমানা হবে ‘বিবেককে নাড়া দেওয়ার মতো’। অন্যদিকে নিউ মেক্সিকোর আইনজীবী র্যান্ডি ম্যাকগিন বলেন, ‘যেসব টেক জায়ান্ট নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে এবং যা খুশি তা-ই করতে পারে বলে ভাবে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।’
চলতি মাসের শুরুর দিকে শুনানিতে নিকোলসন দাবি করেন, জুরি বোর্ড এমন কোনো সিদ্ধান্ত দেয়নি যে নিউ মেক্সিকোর কোনো বাসিন্দা মেটার বক্তব্যগুলো শুনেছেন বা দেখেছেন, কিংবা সেসব বক্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গোপনীয়তা নিয়ে বিভ্রান্তির অভিযোগ
নিউ মেক্সিকোর অভিযোগ, ব্যক্তিগত তথ্য কারা দেখতে পারবেন এবং নিজেদের প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, সে বিষয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা। জুরি বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, গোপনীয়তা ও কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে মেটা এবং এর শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিই ছিল বিভ্রান্তিকর।
এ মামলায় নির্ধারিত জরিমানা ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) ফেসবুককে করা ৫ বিলিয়ন ডলারের জরিমানার তুলনায় অনেক বেশি।
তবে রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে মেটা। আপিলের মাধ্যমে জরিমানার চূড়ান্ত পরিমাণ কমতে পারে। কোম্পানিটির প্রধান আইন কর্মকর্তা সিজে মাহোনি এক বিবৃতিতে বলেন, আপিলে জয় পাওয়ার বিষয়ে মেটা আত্মবিশ্বাসী।
মাহোনি বলেন, ‘এই রায় এবং অ্যাটর্নি জেনারেলের এ মামলা পরিচালনার পদ্ধতি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ব্যবসা করাকে প্রায় অসম্ভব করে তুলেছে। মূলত, এ মামলার মাধ্যমে অনলাইনে মানুষ কী বলতে পারবেন, সে বিষয়ে নতুন নিয়ম কার্যকর করতে বক্তব্যের ওপর কর আরোপের চেষ্টা করা হচ্ছে।’
ক্যামব্রিজ অ্যানালিটিকা থেকে মামলার সূত্রপাত
২০২১ সালে করা মামলাটি আংশিকভাবে ক্যামব্রিজ অ্যানালিটিকা-সংক্রান্ত তথ্য প্রকাশের সূত্র ধরে দায়ের করা হয়। যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানটি বর্তমানে বিলুপ্ত। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ পর্যন্ত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাঁদের সম্মতি ছাড়াই সংগ্রহ করেছিল। পরে এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারশিবির।
নিউ মেক্সিকোতে ছয় মাসের মধ্যে এটি মেটার দ্বিতীয় আইনি পরাজয়। এর আগে গত মার্চে একটি জুরি বোর্ডের রায়ে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে তরুণদের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে কোম্পানিটি। ওই মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গঠিত একটি অঙ্গরাজ্য তহবিলে আরও ৫৬৭ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয় মেটাকে। পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়।