![]()
ইবি রিপোর্ট
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কম্পিউটারের বোতাম চেপে চাষীদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কার্যক্রম শুরু করেন তিনি। সরকারের এই সহায়তা আখচাষে কৃষকদের কাজে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রণোদনা বিতরণ কার্যক্রমের সূচনা করে তারেক রহমান বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেবো। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।’
তিনি জানান, আখচাষীদের সহায়তার জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থ রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন চাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। এ সহযোগিতা কৃষকদের আখ চাষে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপার সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষও একসঙ্গে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
চেক পাওয়া কৃষকেরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদেরও উপস্থিতি ছিল।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া মঞ্চে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাজশাহীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।