• হোম > রাজনীতি > জামায়াতই জুলাইকে ধারণ করে, বিএনপির অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

জামায়াতই জুলাইকে ধারণ করে, বিএনপির অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৫:১৭
  • ১৭

---

ইবি রিপোর্ট

জুলাইয়ের চেতনা ধারণ করা নিয়ে বিএনপির অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জামায়াতই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইয়ের চেতনা ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের অভিযোগও তুলেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতসহ ১১ দল জুলাইয়ের চেতনা ধারণ করে বলেই জনগণের দাবি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে, বিএনপি জুলাইকে ধারণ করে না বলেই গণভোটকে অস্বীকার করছে এবং এর রায় কার্যকরে টালবাহানা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকার জুলাইয়ের চেতনার পরিপন্থী পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি সরকারি কর্মকমিশনে হস্তক্ষেপ করা হয়েছে। চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্য সদস্যদের পদত্যাগের কথা বলা হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চব্বিশের আন্দোলনে দলীয়করণের বিরুদ্ধেই নেমেছিলেন।

জুলাইয়ে আহত ব্যক্তিদের চিকিৎসায় আমিরে জামায়াত পাশে ছিলেন বলেও দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি তুলে ধরা ও সংরক্ষণের জন্য জামায়াতে ইসলামী নিজস্ব উদ্যোগে বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন ভাষায় বই প্রকাশ করেছে। অথচ সরকারের কোটি কোটি টাকার তহবিল থাকার পরও এ বিষয়ে উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতন পাচ্ছেন না বলে তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথাও জানান তিনি।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপি নিজেদের নোট অব ডিসেন্টের বিষয়ে অনড় থেকে রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে। তারা বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে যাচ্ছে। জামায়াতের পাঁচটি নোট অব ডিসেন্টের বিষয়ে বিএনপি অনড় থাকায় ভিন্নমত গ্রহণ ও সমঝোতার মানসিকতার অভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সংবিধান সংস্কার না করে বর্তমান কাঠামো বহাল রাখলে যে প্রধানমন্ত্রীই দায়িত্বে আসবেন, তিনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন।

ওসমানী উদ্যানে একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগ না দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ না করা অসম্মানজনক। প্রতিমন্ত্রীদের নাম আমন্ত্রণপত্রে থাকলেও রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী বিরোধীদলীয় নেতাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এ কারণে তিনি অনুষ্ঠানে যাননি বলে জানান গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও হাস্যকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন তিনি।

সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বললেই বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা। তার দাবি, বিরোধী দলের আন্দোলন উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ তৈরি করছে, যা আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে পারে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জনগণ প্রায় ৭০ শতাংশ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সংস্কার না করে জনগণকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন করতে চাইছে। সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা কেন প্রয়োজন, সেই প্রশ্নও তোলেন তিনি। সংস্কার নিয়ে সরকার অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করে এর নিন্দা জানান তিনি।

বিএনপির নেতাদের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন দেখে ফ্যাসিবাদ সম্পর্কে শিখেছে। কিন্তু বিএনপির রুহুল কবির রিজভী সাত মাসেই তা ভুলে গেছেন। তার মতে, চাঁদাবাজি, লুটতরাজ, সরকারি পদে দলীয় লোক নিয়োগ এবং গণভোটের রায় উপেক্ষা করা ফ্যাসিবাদের লক্ষণ। চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো জোট ছিল না উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত প্রণীত কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাস্তবায়নের দাবিতে জাতীয় পার্টি ও বাম দলসহ বিভিন্ন দলের সঙ্গে তারা আন্দোলন করেছে। তার দাবি, ১৯৯৬ সালে বিএনপির গণবিরোধী অবস্থানের কারণে দলটি ক্ষমতায় আসতে পারেনি এবং বিএনপির কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ওই সময় বিএনপি মাগুরা মার্কা নির্বাচন করেছিল এবং ক্ষমতায় গিয়ে ক্যাম্পাসগুলোয় ছাত্রশিবিরকে উৎখাত করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, সরকারের বরাদ্দ থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করা হচ্ছে এবং অনির্বাচিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত সংসদ সদস্যদের ওপর কর্তৃত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে ভবিষ্যতে বিরোধীদলীয় নেতার বিষয়ে জাতির সামনে অসত্য তথ্য উপস্থাপন না করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং মোবারক হোসাইনসহ অন্যরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20045 ,   Print Date & Time: Tuesday, 20 October 2026, 10:59:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh