• হোম > এক্সক্লুসিভ | দেশজুড়ে | প্রধানমন্ত্রী | রংপুর > রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৪:০৮
  • ২৭

---

ইবি রিপোর্ট

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টার দিকে মন্দিরে পৌঁছে তিনি শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি শারদীয় শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু ও সাধারণ সম্পাদক খোকন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুণ্ড, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

মন্দিরে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া শিশু-কিশোরদের পরিবেশনা উপভোগ করেন তারেক রহমান। এরপর তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যরা।

সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম রংপুর সফর। সফরকে ঘিরে পথে পথে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

রংপুরে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। রাজশাহীতে পৌঁছে একটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20031 ,   Print Date & Time: Tuesday, 20 October 2026, 10:07:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh