![]()
ইবি রিপোর্ট
সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। গত ২৩ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যাংকটির সৈয়দপুর এসএমই ও কৃষি শাখা লিড ব্যাংক হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও শাখাপ্রধানেরা অংশ নেন। সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের এসএমই এসপিডির জয়েন্ট ডিরেক্টর সামিয়া শারমিন। কর্মসূচির উদ্বোধন করেন এমটিবির সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার, উত্তরা ব্যাংকের জগন্নাথপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখাপ্রধান মো. জহির উদ্দিন (বাবর)।
বাংলাদেশ কৃষি ব্যাংকের জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইনের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য সিটি ব্যাংকের জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর চৌধুরী।
কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন এমটিবির সৈয়দপুর এসএমই ও কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং সুনামগঞ্জ উপশাখার ইনচার্জ সুজিত কুমার দে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা এ খাতের উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়। এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে ব্যাংকিং খাতের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।