• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দে মাতলেন সৈয়দপুরের শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দে মাতলেন সৈয়দপুরের শিক্ষার্থীরা

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৯
  • ২৮

---

ইবি রিপোর্ট

শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময়, সেলফি তোলা এবং খেলাসামগ্রী উপহার দেওয়ার মধ্য দিয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের আনন্দের উপলক্ষ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কলেজটির সামনে থেমে শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী তুলে দেন তিনি।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান তিনি। কলেজের সামনে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখে বাস থামিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলাসামগ্রী উপহার দেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী তুলে দেন।

অধ্যক্ষ আরও জানান, এ সময় প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামো উন্নয়নের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সুবিধার জন্য কলেজের পক্ষ থেকে দুটি ছাত্রাবাস এবং একটি হলকক্ষ নির্মাণের দাবি জানানো হয়। এ বিষয়ে লিখিতভাবেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সূচি রয়েছে তাঁর। এরপর রাতে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20001 ,   Print Date & Time: Tuesday, 20 October 2026, 09:18:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh