• হোম > জাতীয় | বাংলাদেশ > গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০
  • ২০

---

ইবি রিপোর্ট

গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়া এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকদের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানান। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম মূল স্তম্ভ। গণতান্ত্রিক পরিবেশে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার সবচেয়ে বেশি সুযোগ থাকে। গণমাধ্যম নিজে গণতান্ত্রিক হলে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়।

গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে পেশাদার সংগঠনগুলোর দায়িত্বের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা পালন করতে হবে। সব কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে।’

এ সময় সাংবাদিকদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গণমাধ্যমকর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ডিআরইউর প্রতিনিধি দল সংগঠনের পরিচিতি এবং সদস্যদের কল্যাণে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সংগঠনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান প্রতিনিধি দলের সদস্যরা।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের দিনগুলোতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর বিভিন্ন কর্মসূচির স্মৃতিচারণা করেন। সে সময় সাংবাদিকদের সাহসী ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। এ জন্য সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।

ডিআরইউর উন্নয়নে সহযোগিতার বিষয়ে সংগঠনটির সদস্যদের আশ্বস্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সংগঠনটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19999 ,   Print Date & Time: Tuesday, 20 October 2026, 09:18:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh