![]()
স্পোর্টস রিপোর্টার
বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে প্রথমবারের মতো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বিসিবির প্রতিনিধি দল। ২২ ও ২৩ অক্টোবরের ম্যাচটি ভেন্যুটির জন্য আন্তর্জাতিক দলের অংশগ্রহণে ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি করেছে।
সোমবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের কর্মকর্তারা। মাঠের খেলার উপযোগিতা থেকে শুরু করে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, চিকিৎসা ও লজিস্টিক ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের কাজের পরিবেশ—সবকিছুই পরিদর্শন করেন তাঁরা। পর্যালোচনায় যেসব জায়গায় সামান্য পরিবর্তন বা উন্নয়ন প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শন শেষে তিনি ভেন্যুটির সুযোগ-সুবিধা এবং আয়োজকদের সহযোগিতার প্রশংসা করেন।
সৈয়দ আব্দুল বাতেন বলেন, বিসিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে ক্রিকেট আয়োজন করে আসছে। তবে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে এ ধরনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এবারই প্রথম। তাঁর মতে, আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো ও ব্যবস্থাপনা সন্তোষজনক। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করছেন।
তিনি জানান, উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধার পাশাপাশি সাংবাদিকদের বসার জায়গা এবং সংবাদ কাভারেজের ব্যবস্থাও দেখা হয়েছে। পরিদর্শনের পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় কিছু পরিবর্তন ও উন্নয়নের বিষয়ও চিহ্নিত করা হয়েছে।
দুই দিনের ম্যাচটিকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সম্ভাবনা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এবিজি স্পোর্টস সিটিতে আরেকটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলছে। সেখানে অনুশীলনের ব্যবস্থাও রয়েছে। এসব সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে ক্রিকেট আয়োজনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সৈয়দ আব্দুল বাতেনের ভাষ্য, এই প্রস্তুতি ম্যাচকে পরীক্ষামূলক আয়োজন হিসেবে দেখা হচ্ছে। নতুন মাঠ নির্মাণ এবং অনুশীলন সুবিধা থাকায় ভবিষ্যতে এখানে আরও ক্রিকেট আয়োজনের সুযোগ রয়েছে।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ আয়োজন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের বিষয়। বিসিবির প্রতিনিধি দলকে মাঠ, ড্রেসিংরুম, সাংবাদিকদের কক্ষ ও মেডিকেল রুমসহ বিভিন্ন সুবিধা দেখানো হয়েছে। আয়োজনের অভিজ্ঞতায় বিসিবি এগিয়ে থাকায় তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিনিধি দলের প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এর আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে ভেন্যুটি। মাঠের প্রস্তুতি, অবকাঠামো ও ব্যবস্থাপনা কতটা কার্যকরভাবে আন্তর্জাতিক দলের ম্যাচ পরিচালনায় কাজে লাগে, তা যাচাই হবে এই আয়োজনেই। পরবর্তী সময়ে এখানে ক্রিকেটের পরিসর বাড়ানোর সম্ভাবনাও নির্ভর করবে এই অভিজ্ঞতা ও আয়োজনের সক্ষমতার ওপর।