• হোম > জাতীয় | বাংলাদেশ > জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৪১
  • ৩১

---

ইবি রিপোর্ট

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগের পর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানিয়ে সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’—এমন স্লোগান।

উপস্থিত নেতা-কর্মীদের কয়েকজনের হাতে ফুলের তোড়াও দেখা যায়। প্রেসক্লাব প্রাঙ্গণে ইশরাক পৌঁছালে নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। পরে তাঁদের বেষ্টনীর মধ্য দিয়ে তিনি প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান। হলের ভেতরেও নেতা-কর্মীদের স্লোগান চলতে থাকে। বেলা পৌনে ২টার দিকে কালো রঙের একটি গাড়িতে করে প্রেসক্লাবের ফটক দিয়ে প্রবেশ করেন তিনি।

এর আগে সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক হোসেন। সেখানে তিনি লেখেন, বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

পোস্টে তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

মাদকবিরোধী কার্যক্রমে নিজের ভবিষ্যৎ ভূমিকা তুলে ধরে ইশরাক লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশা আল্লাহ।’

এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পাঠান এবং সেখানেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনা ঘিরে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19946 ,   Print Date & Time: Monday, 19 October 2026, 11:15:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh