![]()
ইবি রিপোর্ট
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে যাচ্ছেন, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। এ পরিস্থিতিতে বাহিনীর সদস্যরা সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, “মন্ত্রীরা পিস্তল নিয়ে মাদক নিয়ন্ত্রণ করবার জন্য এগিয়ে যাচ্ছে, অথচ দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চুপচাপ বসে আছে। তো তারা আসলে কি সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য চেষ্টা করছে কিনা, সেটাও আমাদের একটা বুঝবার বিষয়।”
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সরকারের পক্ষে কার্যকরভাবে এগিয়ে যাওয়া সম্ভব। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও জুলাই সনদ কেন বাস্তবায়ন করা হয়নি, তা নিয়ে সরকারের কাছে জবাব চেয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। সনদটি বাস্তবায়নের প্রক্রিয়া কোন কারণে আটকে আছে, সে বিষয়ে সরকারকে পরিষ্কারভাবে জানাতে হবে বলে দাবি করেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অনিচ্ছুক হলে সেটিও পরিষ্কারভাবে জানানো উচিত। সনদটি বাস্তবায়ন না হওয়ার কারণ জনগণের সামনে তুলে ধরার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যাঁরা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার এবং ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছেন, তাঁদের উচিত আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেই কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা তাঁদের দাবিগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচারের বিষয়ে সরকারের পদক্ষেপের দাবি জানান।