![]()
ইবি বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের জুহু এলাকায় গুলির হামলার পর বলিউড অভিনেতা টাইগার শ্রফের আহত অবস্থার ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তাঁর কাঁধ, বুক ও ডান হাতে ব্যান্ডেজ দেখা যায়। তবে পুলিশ আগেই জানিয়েছিল, হামলার সময় অভিনেতার শরীরে কোনো গুলি লাগেনি। তাঁর শরীরে দৃশ্যমান আঘাতের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যা ৭টার দিকে জুহুর পুষ্প নারসি পার্কের কাছে। জানা গেছে, টাইগার শ্রফ প্রতি রোববার সেখানে ফুটবল খেলতে যান। পুলিশের ধারণা, হামলাকারীরা আগে থেকেই ওই এলাকায় নজর রাখছিল এবং অভিনেতার নিয়মিত যাতায়াতের সময়সূচি সম্পর্কে অবগত ছিল।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা অভিনেতাকে অনুসরণ করেছিল এবং তিনি পৌঁছানোর আগপর্যন্ত পার্কের ফটকের বাইরে অপেক্ষা করেছিল।’
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় পাঁচটি গুলি ছোড়া হয়। এতে টাইগার শ্রফের গাড়িচালক ফিরদৌসের বাঁ হাতে গুলি লাগে। অভিনেতার গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আরও একজনও আহত হন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অল্পের জন্য রক্ষা পান অভিনেতা নিজে।
হামলাকারীরা মোটরসাইকেলে করে এসভি রোডের দিকে পালিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের বাইরে মোটরসাইকেলটি ফেলে রেখে তারা সেখান থেকে সরে পড়ে।
ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাদের শনাক্ত করে গ্রেফতারের জন্য ১৫টি দল গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলাটি মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা বা ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি জানিয়ে হামলার দায় স্বীকার করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা এখনো যাচাই করেনি পুলিশ।
হামলার পর গতকাল দিবাগত রাতে টাইগার শ্রফের বাসভবনে তাঁকে দেখতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ঘটনাটিকে গুরুতর ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। মুম্বাইয়ে আবার গ্যাং-সংঘাত ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন তিনি।
শিন্ডে বলেন, ‘অতীতে মুম্বাইয়ে ব্যাপক গ্যাং-সংঘাতের সময় পার করতে হয়েছে। পুলিশ কঠোর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। আমরা কাউকে সেই দিনগুলো ফিরিয়ে আনতে কিংবা শহরের শান্তি বিঘ্নিত করতে দেব না।’
হামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে শিন্ডে জানান, কোন গ্যাং এ ঘটনায় জড়িত, সেটি মুখ্য বিষয় নয়। মানুষকে ভয় দেখানো কিংবা সহিংসতার দায় স্বীকার করে প্রচার পাওয়ার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
একই সঙ্গে হুমকিমূলক ফোনকল বা বার্তা পেলে সেলিব্রিটিসহ সবাইকে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। হামলার তদন্তে সন্দেহভাজনদের শনাক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দায় স্বীকারের পোস্টটির সত্যতা যাচাইও এখন পুলিশের সামনে রয়েছে।