• হোম > রাজনীতি > ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় জামায়াত নেতার নিন্দা ও প্রতিবাদ

ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় জামায়াত নেতার নিন্দা ও প্রতিবাদ

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:২৫
  • ২৭

---

ইবি রিপোর্ট

মাদকবিরোধী অভিযানের সময় ঢাকার গেন্ডারিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনাকে কেন্দ্র করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং তিনি ঘটনাটিকে ‘ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান জুবায়ের। বিবৃতিতে তিনি দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর ভাষ্য, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছেন।

জুবায়ের বলেন, এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর শনিবার বিকেলে মাদকবিরোধী অভিযানের নামে গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে ধরেন ইশরাক হোসেন। এ ঘটনাকে তিনি অনভিপ্রেত বলে উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াতের এই নেতা অস্ত্র ব্যবহারের আইনগত দিক তুলে ধরে বলেন, দেশের বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সক্রিয় থাকা সত্ত্বেও সরকারের একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় প্রতিমন্ত্রীর দেহরক্ষীদের ভূমিকাও আগ্রাসী ছিল। তাঁর ভাষায়, অস্ত্র প্রদর্শন, জনমনে ভীতি সৃষ্টি এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ড আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে ঘটনার প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, এভাবে ভিডিও প্রকাশের মাধ্যমে জনমনে ভীতি ছড়িয়ে ত্রাসের রাজত্ব কায়েমের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। তিনি এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

জামায়াতের এই নেতা দাবি করেন, ইশরাকের এমন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর শপথ ভঙ্গ হয়েছে। একই সঙ্গে এ ধরনের আচরণ সন্ত্রাসীদের আরও উৎসাহিত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, জনগণ এ ধরনের কর্মকাণ্ডকে ভালোভাবে নেবে না।

বিবৃতিতে জুবায়ের সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো, মার্জিত ও জনবান্ধব পদ্ধতিতে মাদক নির্মূল এবং সব ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন জামায়াতে ইসলামীর এই নেতা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19886 ,   Print Date & Time: Sunday, 18 October 2026, 12:19:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh