• হোম > আন্তর্জাতিক | বিদেশ > কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, গ্রেপ্তার ৭

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, গ্রেপ্তার ৭

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:২১
  • ২৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্বে অবহেলার অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি পূজামণ্ডপের আশপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংবিধানের ১৬৩ ধারা জারি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত চলছিল। দুর্ঘটনার পর পুরো পূজামণ্ডপ পুলিশ ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে কাউকে মণ্ডপ চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের একাংশ এ ঘটনার জন্য পূজার আয়োজকদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, পূজার উদ্বোধনের পর থেকেই মণ্ডপে বিপুলসংখ্যক মানুষের সমাগম হচ্ছিল। কিন্তু ভিড় নিয়ন্ত্রণে আয়োজকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। বরং কয়েক মিটার পরপর দড়ি টানানোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ তাঁদের।

দুর্ঘটনার পর মণ্ডপে দায়িত্ব পালন করা সরকারি পুলিশ সদস্য, বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ক্লাবের স্বেচ্ছাসেবকদের স্থানীয় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশ। রাতভর তাঁদের বক্তব্য নেওয়ার পর সিসিটিভি ফুটেজের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা হয়। এরপর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) কর্মকর্তারা সাতজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চোরবাগান ক্লাবের সম্পাদক ও সহসভাপতি, বাঁশের খুঁটি প্রস্তুতকারী, ভিআইপি পাস যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তি, ভিড় নিয়ন্ত্রণে নিয়োজিত ক্লাবের এক সদস্য এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের দুই ইনচার্জ।

দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এককালীন ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, নিহত প্রত্যেকের পরিবারের একজন সদস্যকে রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আহতদের প্রত্যেককে এককালীন পাঁচ লাখ রুপি সহায়তার পাশাপাশি তাঁদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ঘোষণার পর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত ২৫ জনের মধ্যে ১৪ জনকে ইএম বাইপাস-সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, স্থানান্তর করা আহতদের মধ্যে একজন ছাড়া বাকি ১৩ জনের অবস্থা স্থিতিশীল। তবে সরকারি হাসপাতাল থেকে আহতদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

চোরবাগানের দুর্ঘটনার মধ্যেই কলকাতায় পৌঁছান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহত ১৪ জনকে দেখতে তিনি অ্যাপোলো হাসপাতালে যান। তবে দুর্ঘটনার পরও তাঁকে ব্যাপক আয়োজনের মাধ্যমে অভ্যর্থনা জানানোর ঘটনায় বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ঢাকের বাদ্য ও লোকশিল্পীদের পরিবেশনার মাধ্যমে অমিত শাহকে স্বাগত জানানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, সাধারণ মানুষ যখন জীবন বাঁচানোর লড়াই করছেন এবং নিহতদের পরিবার শোকে মুহ্যমান, তখন অমিত শাহকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো বৈপরীত্যপূর্ণ।

দলটি আরও প্রশ্ন তুলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় পুলিশের ব্যাপক মোতায়েনের কারণে ভিড় নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়েছিল কি না।

এদিকে, চোরবাগানের পূজার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ভাইপো ঘনিষ্ঠভাবে জড়িত বলে দাবি করেছে তৃণমূল। রোববার এ প্রসঙ্গে দলটি প্রশ্ন তোলে, শুভেন্দু অধিকারীর ওই ‘ভাইপোকে’ কবে গ্রেপ্তার করা হবে?

চোরবাগানের পদদলনের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীপর্ণা পোদ্দার (২৬), মিঠু মণ্ডল (৪৫), আকৃতি কুমারী (১৭), বর্ণালী হালদার (১৭), শুভম শঙ্কর (৩৩), আরতী সরকার বিশ্বাস (৪৫), টগর বেজ (৩৭), তানিয়া বিশ্বাস (১৮), কল্পনা জানা (৪৬), বিকাশ ভট্টাচার্য (৬৬), স্নেহা ভাণ্ডারী (২০), সন্দীপ বেজ (১৪), পিয়ালী প্রামাণিক (২৫), প্রিয়া সমাদ্দার (১৮), প্রাঞ্জল সরকার (১৩), দিলীপ ঘোষ (৫৯) ও দিপালী ঘোষ।

নিহত দিলীপ ঘোষ ও দিপালী ঘোষ স্বামী-স্ত্রী। এ ছাড়া বিহারের একই পরিবারের দুই সদস্য অভিষেক শ্রীবাস্তব (৩৮) ও আয়াংশ কুমার শ্রীবাস্তব (৭) প্রাণ হারিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19884 ,   Print Date & Time: Sunday, 18 October 2026, 12:18:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh