![]()
ইবি রিপোর্ট
সাংস্কৃতিক পরিবেশনা, বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে চার জাতির আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতা এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রবিবার (১৮ অক্টোবর) সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনেই প্রতিযোগিতায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দিনের প্রথম খেলায় দুপুর ২টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হচ্ছে নেপালের। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মালদ্বীপ ও ভারত। চার দেশের নারী সিনিয়র দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। পরে রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন তিনি। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে মাঠের মাঝখানে প্রায় ১৫ মিনিট ধরে পরিবেশিত হয় দলীয় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী সিনিয়র দলগুলোকে একই প্রতিযোগিতায় যুক্ত করার উদ্যোগ আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে।
অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা শক্তি, অধ্যবসায় এবং ক্রীড়াপ্রেমের প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তরুণ সমাজকে ক্ষমতায়িত করতে এবং সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলে চমৎকার অগ্রগতি হচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক আসর ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’
এ সময় তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। তিনি বলেন, আন্তর্জাতিক হ্যান্ডবলের একটি উল্লেখযোগ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের উপস্থিতি তুলে ধরছে।
টুর্নামেন্টের নামকরণের কারণ ব্যাখ্যা করে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী—যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা।’
তিনি আরও বলেন, ‘আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোন–২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।’
সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে। সূচি অনুযায়ী, ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এরপর ২১ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সবশেষে ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। নারী হ্যান্ডবলের প্রসার, খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শন এবং আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় চার দেশের দলগুলো শিরোপার জন্য লড়াই করবে।