• হোম > রাজনীতি > ১৭ বছর প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

১৭ বছর প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৩:৩১
  • ২৫

---

ইবি রিপোর্ট

দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতি ও প্রবাসজীবনেও দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। করোনা মহামারি থেকে শুরু করে বন্যা, অতিবৃষ্টি ও শীতের প্রকোপ—বিভিন্ন সময়ে তিনি নিয়মিত নির্দেশনা দিয়ে মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।

রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সংকট ও দুর্যোগে প্রবাসে অবস্থান করেও তারেক রহমান নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও জেডআরএফ তরুণ ও কিশোরদের বিজ্ঞান এবং শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নানা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অনলাইনে সায়েন্স এক্সিবিশনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

রিজভীর ভাষ্য অনুযায়ী, শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কর্মসূচির পাশাপাশি সংগঠনটি মানুষের জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহায়তার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলে সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় এসব উদ্যোগ পরিচালিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19852 ,   Print Date & Time: Sunday, 18 October 2026, 09:30:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh