• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > জুতা উৎপাদনে বিশ্বে সপ্তম বাংলাদেশ, শীর্ষে চীন

জুতা উৎপাদনে বিশ্বে সপ্তম বাংলাদেশ, শীর্ষে চীন

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৩:৩১
  • ১৩

---

ইবি রিপোর্ট

বিশ্বের জুতা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে দেশে উৎপাদিত হয়েছে প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা, যা বৈশ্বিক উৎপাদনের ২ দশমিক ৩ শতাংশ। উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দেশটি গত বছর তৈরি করেছে ১ হাজার ৩৬৬ কোটি জোড়া জুতা।

পর্তুগিজ ফুটওয়্যার, কম্পোনেন্টস অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন—এপিআইসিসিএপিএসের উদ্যোগে প্রকাশিত ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ২ হাজার ৪৬০ কোটি জোড়া জুতা উৎপাদিত হয়েছে। আগের বছরের তুলনায় উৎপাদন কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে ২০২৪ সালে বৈশ্বিক জুতা উৎপাদন প্রায় ১০ শতাংশ বেড়েছিল।

বিশ্বের মোট জুতা উৎপাদনের ৮৮ দশমিক ৭ শতাংশ এসেছে এশিয়ার দেশগুলো থেকে। জনসংখ্যা, উৎপাদনব্যবস্থা ও শিল্পভিত্তির কারণে এ অঞ্চলের দেশগুলো জুতাশিল্পে বড় ভূমিকা রাখছে।

জুতা উৎপাদনে শীর্ষ ১০ দেশ

বিশ্বের মোট জুতা উৎপাদনের ৮৯ দশমিক ৫ শতাংশ আসে শীর্ষ ১০টি দেশ থেকে। এর মধ্যে এককভাবে চীনের অবদান ৫৫ দশমিক ৬ শতাংশ। ২০২৫ সালে দেশটি ১ হাজার ৩৬৬ কোটি জোড়া জুতা উৎপাদন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে উৎপাদিত হয়েছে ৩০০ কোটি জোড়া জুতা, যা বৈশ্বিক উৎপাদনের ১২ দশমিক ২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম উৎপাদন করেছে ১৬৫ কোটি ৮০ লাখ জোড়া।

শীর্ষ ১০ উৎপাদনকারী দেশের তালিকায় চতুর্থ থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। গত বছর ব্রাজিল ৮৪ কোটি ৮০ লাখ, ইন্দোনেশিয়া ৭৮ কোটি ২০ লাখ এবং পাকিস্তান ৬২ কোটি ৭০ লাখ জোড়া জুতা উৎপাদন করেছে।

বাংলাদেশের পর অষ্টম অবস্থানে রয়েছে তুরস্ক। নবম ও দশম স্থানে আছে যথাক্রমে কম্বোডিয়া ও মেক্সিকো। তালিকায় বাংলাদেশের অবস্থান দেশের জুতা উৎপাদনশিল্পের বৈশ্বিক উপস্থিতি তুলে ধরে। তবে উৎপাদনে এগিয়ে থাকলেও রপ্তানির শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।

জুতা রপ্তানিতে কমছে চীনের হিস্যা

বৈশ্বিক জুতা রপ্তানিতেও এশিয়ার দেশগুলোর আধিপত্য রয়েছে। বিশ্বে রপ্তানি হওয়া মোট জুতার ৮৪ দশমিক ৩ শতাংশ আসে এশিয়া থেকে। তবে রপ্তানির শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ নেই। এ তালিকায় রয়েছে চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জার্মানি, ভারত, কম্বোডিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি ও তুরস্ক।

২০২৫ সালে চীন প্রায় ৯০১ কোটি জোড়া জুতা রপ্তানি করেছে। বৈশ্বিক রপ্তানিতে দেশটির অংশ ৬১ দশমিক ২ শতাংশ। তবে ২০১৬ সালে এ হিস্যা ছিল ৬৯ দশমিক ১ শতাংশ। শ্রমিকের মজুরি বৃদ্ধি ও বাণিজ্যযুদ্ধসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে চীনের অংশ কমছে। চীনের হারানো ব্যবসার একটি বড় অংশ পাচ্ছে ভিয়েতনাম।

গত বছর ভিয়েতনাম ১৬৬ কোটি জোড়া জুতা রপ্তানি করেছে। বৈশ্বিক রপ্তানিতে দেশটির হিস্যা ১১ দশমিক ২ শতাংশ। একই সময়ে ইন্দোনেশিয়া ৫৮ কোটি, জার্মানি ৩৬ কোটি এবং ভারত ২৭ কোটি জোড়া জুতা রপ্তানি করেছে।

রপ্তানিমূল্যের ক্ষেত্রে ইউরোপ এগিয়ে রয়েছে। বিশ্বে মোট জুতা রপ্তানিতে ইউরোপের অংশ ১৩ দশমিক ১ শতাংশ হলেও প্রতি জোড়া জুতার গড় রপ্তানিমূল্য এশিয়ার তুলনায় বেশি। ইউরোপের রপ্তানিকারকেরা প্রতি জোড়া জুতা গড়ে ৩৪ দশমিক ৭৬ ডলারে বিক্রি করেছেন। এশিয়ার ক্ষেত্রে গড় রপ্তানিমূল্য ছিল ৮ দশমিক ০২ ডলার।

জুতার বড় বাজার এশিয়া

আমদানির ক্ষেত্রে গত বছর বিশ্বের মোট বাণিজ্য হওয়া জুতার ৩৫ দশমিক ৩ শতাংশ কিনেছে ইউরোপ। এশিয়ার অংশ ছিল প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ এবং উত্তর আমেরিকার ২০ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালে বৈশ্বিক জুতা আমদানিতে উত্তর আমেরিকার হিস্যা ছিল ২৩ দশমিক ৩ শতাংশ। বিপরীতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অংশ বেড়েছে।

২০২৫ সালে বিশ্বে ব্যবহৃত মোট জুতার ৫৬ শতাংশ ছিল এশিয়ার মানুষের ব্যবহারে। তবে এ অঞ্চলে মাথাপিছু জুতা ব্যবহারের গড় ছিল বছরে ২ দশমিক ৬ জোড়া। অর্থাৎ, মোট চাহিদায় এশিয়ার বড় অংশের পেছনে জনসংখ্যার প্রভাব বেশি।

মাথাপিছু জুতা ব্যবহারে শীর্ষে ছিল উত্তর আমেরিকা। সেখানে একজন মানুষ বছরে গড়ে ৪ দশমিক ৬ জোড়া জুতা ব্যবহার করেছেন। ইউরোপে এ গড় ৪ দশমিক ১ জোড়া। অন্যদিকে আফ্রিকায় মাথাপিছু ব্যবহারের গড় ছিল মাত্র ১ দশমিক ৬ জোড়া। ক্রয়ক্ষমতা ও জুতার সাশ্রয়ী মূল্য এ অঞ্চলে চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19769 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 08:53:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh