![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ারপ্রতি মৌলিক আয় (বেসিক ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ১১ টাকা ১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিশোধিত সম্ভাব্য শেয়ার বিবেচনায় আয় (ডাইলুটেড ইপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬২ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ৯৩ পয়সা।
আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৫ টাকা ৫ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ১৩ টাকা ৭৫ পয়সা।
এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার জন্য ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে শেয়ারধারণের ভিত্তিতে লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে।