• হোম > দেশজুড়ে > ক্যাম্পাসে আর ফিরবেন না—এমন শর্তের খবর ভিত্তিহীন: চুয়েট উপাচার্য

ক্যাম্পাসে আর ফিরবেন না—এমন শর্তের খবর ভিত্তিহীন: চুয়েট উপাচার্য

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৭
  • ২৩

---

ইবি রিপোর্ট

পদত্যাগ করে কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে আর না ফেরার কোনো শর্তে নয়, অসুস্থতার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস ছেড়েছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে পাঠানো এক প্রতিবাদলিপিতে উপাচার্য এসব কথা বলেন। বিভিন্ন গণমাধ্যমে তাঁর বক্তব্য না নিয়ে পদত্যাগ এবং ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার শর্তে তাঁকে বের করে নেওয়ার খবর প্রকাশের প্রতিবাদ জানান তিনি।

প্রতিবাদলিপিতে অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েটের প্রশাসনিক ভবনে নিজ কার্যালয় থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাঁকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, তিনি আর কখনো ক্যাম্পাসে ফিরবেন না—এমন শর্তে তাঁকে বের হতে দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিবেদনে তাঁর পদত্যাগের কথাও বলা হয়।

উপাচার্য বলেন, এ ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি তিনি দেননি। তাঁর বক্তব্য না নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য

অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। একই সময়ে সেখানে অবস্থানরত আরও কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রায় ১১ জন অসুস্থ হয়ে পড়েন। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থীও অসুস্থ হন। তাঁদের একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পরবর্তী সময়ে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে উপাচার্যকেও হাসপাতালে চিকিৎসা নিতে হয়। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ক্যাম্পাস থেকে বের করে নেওয়ার সময় তাঁর কথা বলার মতো শারীরিক অবস্থা ছিল না। এখনো তিনি অসুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিজের ভবিষ্যৎ দায়িত্ব পালনের বিষয়ে আশাবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব, ইনশা আল্লাহ।’

ব্যক্তিগত বা দলীয় উদ্দেশ্য নেই

রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতেই চট্টগ্রামে এসেছেন বলে উল্লেখ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর ভাষ্য, ব্যক্তিগত স্বার্থ, বিশেষ কোনো এজেন্ডা কিংবা দলীয় উদ্দেশ্য নিয়ে তিনি চুয়েটে আসেননি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় বা ব্যবহৃত হয়ে তাঁরা যেন নিজেদের শিক্ষাজীবন ও একাডেমিক কার্যক্রমের ক্ষতি না করেন। শিক্ষার্থীদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার অনুরোধ জানিয়ে তাঁদের নিজের অ্যালামনাই ছোট ভাই-বোন হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চুয়েট উপাচার্য। প্রকাশিত প্রতিবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন করে প্রকৃত ঘটনা তুলে ধরারও অনুরোধ জানিয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19588 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 11:22:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh