• হোম > এক্সক্লুসিভ | জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > সালাহ উদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালাহ উদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৩:১৭
  • ৩৪

---

ইবি রিপোর্ট

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজায় আরও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং প্রয়াত সালাহ উদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে জুরাইন গোরস্তানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সালাহ উদ্দিন আহমেদ ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির নেতা হিসেবে পরিচিত সালাহ উদ্দিন আহমেদ দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর ছেলে তানভীর আহমেদ রবিন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19549 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 11:22:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh