• হোম > জাতীয় > নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাটের মামলায় শাহরিয়ার মাহমুদের জামিন

নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাটের মামলায় শাহরিয়ার মাহমুদের জামিন

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৭:০৬
  • ১৫

---

ইবি রিপোর্ট

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে অনুপ্রবেশ, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ার মাহমুদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। পরে ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর ১২ অক্টোবর আসামির বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে প্রায় ৫০ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে বেআইনিভাবে প্রবেশ করেন। এ সময় তাঁরা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়েন এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এ সময় সেখানে থাকা গাড়িও ভাঙচুর করা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, হামলা ও লুটপাটের ঘটনায় বাদী প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি এক কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার সময় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতেও অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষায় পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজ প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

আদালত সোমবার শুনানি শেষে মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদের জামিন আবেদন মঞ্জুর করেন। তাঁকে ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। মামলার অভিযোগে প্রকল্প এলাকায় হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও বিপুল পরিমাণ মালামাল লুটের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19516 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 01:09:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh