• হোম > জাতীয় | বাংলাদেশ > নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৩:২৮
  • ১৫

---

ইবি রিপোর্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি ঘটনাটিকে ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

দেশ থেকে পালিয়ে যাওয়া একটি দল বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি একটা জিনিস আজ সকালেই দেখলাম ডক্টর ইউনুস, উনি এখন দেশের বাইরে আছেন, আমেরিকাতে আছেন। সেখানে এয়ারপোর্টে তাকে হেনস্তা করার চেষ্টা করেছে। তার অপরাধ হচ্ছে তিনি (ড. ইউনূস) শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব কেন নিয়েছেন”।

ডা. জাহেদ জানান, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় সরকার আইনি পদক্ষেপ নেবে। তিনি এ ঘটনাকে ‘আওয়ামী সন্ত্রাস’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য প্রতিশোধ নেওয়া নয়; বরং ন্যায়বিচার নিশ্চিত করা। এ জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় ঢাকা।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভের দৃশ্য দেখা যায়। ভিডিওতে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে কয়েকজনকে এগিয়ে যেতে এবং উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। তারা তার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ড. ইউনূস সামনের দিকে এগিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী তাকে এগিয়ে যেতে সহায়তা করেন।

ঘটনাটি নিয়ে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তার বক্তব্য অনুযায়ী, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও সরকারের অবস্থান রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19470 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 10:05:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh