• হোম > দেশজুড়ে > চুয়েটে ২১ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ সাবেক শিক্ষার্থী

চুয়েটে ২১ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ সাবেক শিক্ষার্থী

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪
  • ১৯

---

ইবি রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার দুপুর ১২টায় শুরু হওয়া অবরোধ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গড়িয়েছে ২১ ঘণ্টায়। এ সময় উপাচার্য ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপাচার্যসহ তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা। এর মধ্যে রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শাহরিয়ার। পরে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহরিয়ার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে প্রথমে তাঁকে চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়। তাঁর অসুস্থতার পাশাপাশি উপাচার্য ভবনের ভেতরে অবস্থানরত অন্যদের মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় ভবনের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। এতে ভবনের ভেতরে অবস্থানরত ব্যক্তিরা টানা ২১ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

সোমবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তবে উপাচার্য সেই খাবার গ্রহণ করেননি। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাঁদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়। দীর্ঘ সময় ধরে ভবনের ভেতরে আটকে থাকায় সেখানে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে অস্বস্তি বাড়ছে।

এদিকে, উপাচার্য ভবনের সামনে রাতভর পাহারায় ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যকে ভবন থেকে বের হতে না দেওয়ার অবস্থানে তাঁরা অনড় রয়েছেন। অধ্যাপক শেখ শরীফুল আলমের পদত্যাগ এবং সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এই আন্দোলন চলছে।

পরিস্থিতি সামাল দিতে সোমবার রাত ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চুয়েট ক্যাম্পাসে যান রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে উপাচার্যের মানবিক সংকট বিবেচনায় খাবার ও পানির ব্যবস্থা করা সম্ভব কি না, তা দেখতে এসেছেন। শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করা তাঁর উদ্দেশ্য নয় বলেও জানান তিনি।

এ সময় উপাচার্যের জন্য বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি বিবেচনা করতে শিক্ষার্থীদের অনুরোধ করেন অংছিং মারমা। তবে আলোচনা করে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না হওয়ায় পরে তিনি ফিরে যান।

এর আগে সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলে জানা যায়। পরে সকাল ১০টার দিকে রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এরপর সকাল ১০টার দিকে উপাচার্য ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার আলটিমেটাম দেওয়া হলেও উপাচার্য সেখানে অবস্থান করায় অবরোধ শুরু হয়। দিন পেরিয়ে রাত এবং মঙ্গলবার সকালেও শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19450 ,   Print Date & Time: Tuesday, 13 October 2026, 08:05:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh