• হোম > বাংলাদেশ | বাসস > বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি করপোরেশন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি করপোরেশন

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭
  • ৩১

---

বাসস

জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনের সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখিয়েছে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতেও বিনিয়োগের সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।

আজ রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দ্বিতীয় কাফকো স্থাপনের বিষয়ে প্রতিষ্ঠানটির আগ্রহের কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানান।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা প্রতিনিধিদলকে জানান। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন খাতে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর ওপর তিনি জোর দেন।

বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে দেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোও আলোচনায় আসে। বাংলাদেশের প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তোলার সরকারি পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এ লক্ষ্য অর্জনে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর বিষয়টি বৈঠকে আলোচিত হয়।

এ ছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এই প্রকল্পে মারুবেনি করপোরেশনের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় স্থান পায়। কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণে মারুবেনির বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে দুই পক্ষ আলোচনা করে।

সার উৎপাদন খাতে সহযোগিতার প্রসঙ্গে কাফকোতে মারুবেনি করপোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মারুবেনি করপোরেশনের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

মারুবেনি করপোরেশনের পক্ষে বৈঠকে অংশ নেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19352 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 11:34:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh