![]()
ইবি রিপোর্ট
চ্যাটজিপিটিতে প্রশ্নের উত্তর পাওয়ার অভিজ্ঞতা আরও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন ফিচার যুক্ত করেছে ওপেনএআই। গত ৭ অক্টোবর জিপিটি-৬ মডেলটি ফ্রি ও পেইড—উভয় ধরনের ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। নতুন সুবিধার আওতায় ব্যবহারকারীর প্রশ্নের ধরন বুঝে লিখিত উত্তরের পাশাপাশি চার্ট, ডায়াগ্রাম, ফর্ম এবং বিভিন্ন কাজের উপযোগী টুল তৈরি করতে পারবে চ্যাটজিপিটি। এর সঙ্গে দ্রুত উত্তর দেওয়া, ওয়েব সার্চের কার্যকারিতা বাড়ানো এবং নিজের সীমাবদ্ধতা শনাক্ত করার সক্ষমতাও উন্নত করা হয়েছে।
জিপিটি-৬ মডেলের অন্যতম নতুন সংযোজন হলো ‘ইন্টেলিজেন্ট ইউআই’ নামের ইন্টারফেস। এর মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্ন ও প্রয়োজন অনুযায়ী শুধু সাধারণ লেখা নয়, বিভিন্ন দৃশ্যমান উপস্থাপনা এবং ইন্টারঅ্যাকটিভ উপাদানও তৈরি করতে পারবে চ্যাটজিপিটি।
যেমন, দুটি পণ্যের মধ্যে তুলনা জানতে চাইলে পাশাপাশি তুলনামূলক উপস্থাপনা তৈরি করতে পারবে এটি। কোনো জটিল বিষয় সহজভাবে বোঝানোর জন্য তৈরি করা যাবে ডায়াগ্রাম। একইভাবে হিসাব-নিকাশের প্রয়োজনে ক্যালকুলেটরও তৈরি করতে পারবে মডেলটি। এ ছাড়া চ্যাটের মধ্যেই বিল ভাগ করার টুল ব্যবহার এবং ছোটখাটো গেম খেলার সুযোগও থাকছে।
তবে প্রতিটি প্রশ্নের উত্তরে চার্ট বা ইন্টারঅ্যাকটিভ উপাদান যুক্ত হবে না। প্রশ্নের প্রকৃতি এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করে কোন ধরনের উপস্থাপনা সবচেয়ে কার্যকর হবে, তা নির্ধারণ করবে মডেলটি।
জিপিটি-৬-এর আরেকটি সুবিধা হলো, উত্তর তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রাথমিক উত্তর দেওয়া শুরু করতে পারে এটি। ফলে ব্যবহারকারীকে পুরো উত্তর তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই প্রাথমিক তথ্য পাওয়ার সুযোগ দেবে মডেলটি।
একই সঙ্গে ওয়েব সার্চের কার্যকারিতাও উন্নত করা হয়েছে। এর ফলে অনলাইনে তথ্য অনুসন্ধান এবং পাওয়া তথ্য ব্যবহার করে উত্তর তৈরির প্রক্রিয়া আরও দ্রুত হওয়ার কথা। পাশাপাশি নিজের সক্ষমতার সীমাবদ্ধতা বোঝার ক্ষেত্রেও উন্নতি আনা হয়েছে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় টুল না থাকলে তা আরও স্পষ্টভাবে জানাতে পারবে চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটির বিনা মূল্যের ব্যবহারকারীরাও নতুন মডেল ও ‘ইন্টেলিজেন্ট ইউআই’ ফিচার ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ৮ অক্টোবর থেকে ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা চালু করেছে ওপেনএআই। ফলে শুধু পেইড প্ল্যান নয়, বিনা মূল্যের অ্যাকাউন্ট থেকেও চ্যাটের মধ্যে ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন টুল ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তবে পর্যায়ক্রমে ফিচারগুলো চালু করায় সব অ্যাকাউন্টে একই সময়ে সুবিধাগুলো নাও দেখা যেতে পারে।
প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ প্ল্যানে ব্যবহার করা হচ্ছে জিপিটি-৬ সল; অন্যদিকে ফ্রি ও গো প্ল্যানে রয়েছে জিপিটি-৬ লুনা। এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের ক্ষেত্রে নতুন ফিচার ব্যবহারের সুযোগ প্রতিষ্ঠানের প্রশাসকের সেটিংসের ওপর নির্ভর করবে।
নতুন সুবিধাগুলো চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে পাওয়া যাচ্ছে। তবে ‘ওয়ার্ক’ ও ‘কোডেক্স’ অংশে ব্যবহৃত মডেলগুলোতে এই আপডেটের মাধ্যমে কোনো পরিবর্তন আনা হয়নি।