• হোম > জাতীয় | বাংলাদেশ > সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৩:২০
  • ২১

---

ইবি রিপোর্ট

দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রমে কারা সরকারি সহায়তার বেশি প্রয়োজন অনুভব করছেন, তা নির্ধারণে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবেন প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা। তথ্য সংগ্রহের বিষয়ে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকার থানা ও পরিবার পর্যায়ে একযোগে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রচারণায় যুক্ত করার কথা বলা হয়েছে চিঠিতে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় নির্ধারিত বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

প্রচারণার জন্য প্রস্তুত করা বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে কোন পরিবারগুলোর সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। এ কারণে প্রত্যেক পরিবারকে তাদের প্রকৃত আর্থ-সামাজিক পরিস্থিতি তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণার মাধ্যমে এ কর্মসূচি সম্পর্কে মানুষকে জানানো হবে। ঘোষণায় পরিবারের প্রকৃত অবস্থা অনুযায়ী তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তার কথায় বিশ্বাস করা যাবে না। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। ফলে তালিকায় নাম অন্তর্ভুক্তির কথা বলে অর্থ দাবি করলে তা প্রত্যাখ্যান করার বার্তাও প্রচারণায় রাখা হয়েছে।

অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণার মাধ্যমে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজখবর নিতে বলা হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় তাদের কেউ বাদ না পড়েন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের নামে কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর বিষয়টিও ঘোষণায় উল্লেখ রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর প্রকৃত আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সহায়তার প্রয়োজনীয়তা নির্ধারণের কার্যক্রম পরিচালিত হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19315 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 09:16:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh