• হোম > আন্তর্জাতিক | বিদেশ | বিশ্ব সংবাদ > যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত আটজন, আত্মহত্যা হামলাকারীর

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত আটজন, আত্মহত্যা হামলাকারীর

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৮
  • ১৭

---

ইবি রিপোর্ট

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন আটজন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুই শিশু রয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলাকারীও নিজের গুলিতে আত্মহত্যা করেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে আটজন একই পরিবারের সদস্য এবং অপরজন ওই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ইরি পুলিশ প্রধান রিক লোরা জানান, ৪৫ বছর বয়সী ওই বন্দুকধারী আটজনকে গুলি করে হত্যা করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি নিজ গুলিতে প্রাণ হারান। পেরি স্ট্রিটের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের ভয়াবহতা তুলে ধরে পুলিশ প্রধান লোরা বলেন, ‘কিছু দৃশ্য আপনি চলে আসার পরও দীর্ঘকাল মনকে তাড়িয়ে বেড়ায়। এটি ছিল তেমনই এক করুণ দৃশ্য।’

তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত নয়জনের মধ্যে আটজন একই পরিবারের সদস্য এবং অন্যজন তাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু।

পুলিশ প্রধানের ভাষ্য অনুযায়ী, হামলাকারী বাড়ির ভেতরে প্রবেশ করার পর বাইরে বেরিয়ে এসে দুই নারীকে গুলি করেন। ওই দুই নারী তখন ‘কাতর ও বিচলিত’ অবস্থায় প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় রাস্তায় আকুল হয়ে পায়চারি করছিলেন। তবে ঘটনার আগে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরির মেয়র দারিয়া ডেভলিন এ ঘটনায় পুলিশের সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিভাগ একটি নৃশংস ঘটনাস্থলে পৌঁছেছিল এবং কল্পনাতীত পরিস্থিতির মুখোমুখি হয়ে অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করেছে।’

মেয়র আরও বলেন, পুলিশ সদস্যরা এই সম্প্রদায়েরই অংশ। গত রাতের ঘটনার মানসিক বোঝা তাদেরও সারাজীবন বয়ে বেড়াতে হবে।

এর আগে পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি মেয়র ডেভলিনের সঙ্গে কথা বলেছেন। এই ‘মর্মান্তিক গণগোলাগুলির’ ঘটনার পর তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গভর্নর শাপিরো দীর্ঘদিন ধরে ‘যৌক্তিক ও কার্যকর বন্দুক সুরক্ষার’ পক্ষে অবস্থান নিয়ে আসছেন। ২০২৪ সালে তিনি পেনসিলভেনিয়া সাধারণ পরিষদকে বন্দুক আইন সংস্কারের জন্য চাপ দিয়েছিলেন। তাঁর প্রস্তাবের মধ্যে ছিল সর্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক এবং সিরিয়াল নম্বরবিহীন, সহজে শনাক্ত করা যায় না—এমন ঘরে তৈরি ‘ঘোস্ট গান’-এর ওপর বিধিনিষেধ আরোপ।

তবে শাপিরোর প্রস্তাবিত বেশ কয়েকটি বন্দুক আইন সংস্কার এখনো রাজ্যের আইনসভায় ঝুলে রয়েছে।

‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ৪০০টির বেশি গণগুলির ঘটনা ঘটেছে। সংস্থাটি বন্দুকধারী বাদে চার বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে গণগুলির ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করে।

সংস্থাটির তথ্য বলছে, পেনসিলভেনিয়ায় এর আগে সর্বশেষ গণগুলির ঘটনা ঘটেছিল গত জুলাইয়ে ফিলাডেলফিয়ায়। ইরির এই হত্যাকাণ্ডের পর তদন্তের পাশাপাশি বন্দুক সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19303 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 08:51:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh