• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > দেশে প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত

দেশে প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৮:৩২
  • ৩৩

---

 

ইবি রিপোর্ট

সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও বাজারভিত্তিক করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় বা ‘বাইব্যাক’ নিলাম অনুষ্ঠিত হয়েছে। অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই নিলাম পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় বা ‘বাইব্যাক’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি। এ ব্যবস্থায় সরকার আগে ইস্যু করা ট্রেজারি বন্ড বা অন্যান্য সরকারি সিকিউরিটিজ মেয়াদ শেষ হওয়ার আগেই বাজার থেকে পুনরায় কিনে নিতে পারে।

নতুন এই পদ্ধতি চালুর ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তির সময়ে একসঙ্গে বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পুরোনো ঋণ পরিশোধের জন্য নতুন করে ঋণ নেওয়ার ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সরকারের ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষমভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অর্থ মন্ত্রণালয় মনে করছে, সরকারি বন্ড পুনঃক্রয়ের এই প্রক্রিয়ার ফলে সরকারি সিকিউরিটিজ বাজারের কার্যকারিতা ও দক্ষতাও বাড়বে। এর মাধ্যমে বাজারভিত্তিক সরকারি ঋণ ব্যবস্থাপনার পরিধি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়নে অর্থ বিভাগ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম আয়োজন সেই সংস্কার উদ্যোগেরই অংশ।

সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও এ ধরনের নিলাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরবর্তী নিলাম কখন আয়োজন করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনা করা হবে।

এর মধ্যে রয়েছে বাজারের সামগ্রিক পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান, বাজারের তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের সামগ্রিক কাঠামো।

অর্থ মন্ত্রণালয়ের মতে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয়ের এই উদ্যোগ দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় একটি নতুন প্রক্রিয়ার সূচনা করেছে। দীর্ঘমেয়াদে এ পদ্ধতি সরকারের ঋণ পরিশোধের চাপ এবং সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।

এর পাশাপাশি মেয়াদপূর্তির সময়ে বড় অঙ্কের অর্থ পরিশোধের প্রয়োজনীয়তা সামঞ্জস্য করা এবং ঋণের সময়সূচি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারকে বাড়তি সুযোগ দেবে এই বাইব্যাক পদ্ধতি। ফলে সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিত ও বাজারনির্ভর করার প্রক্রিয়ায় এটি একটি নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19172 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 02:32:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh