![]()
ইবি বিনোদন ডেস্ক
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে মারা যান এই প্রখ্যাত অভিনেতা। তার মৃত্যুর আগে কী ঘটেছিল, এবার সেই রাতের বিস্তারিত ঘটনা জানিয়েছেন মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ডা. সালকার জানান, গভীর রাতে শারীরিক অস্বস্তি অনুভব করার পর নানা পাটেকর তার এক বন্ধুকে মেসেজ করে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তবে গভীর রাত হওয়ায় বন্ধুটি তাৎক্ষণিকভাবে ওই বার্তা দেখতে পারেননি। মেসেজটি দেখতে দেরি হওয়ায় চিকিৎসা সহায়তা পৌঁছাতেও কিছুটা সময় লেগেছিল।
চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে নানা পাটেকর তার বন্ধুকে জানান যে তিনি ভালো বোধ করছেন না। এরপর ভোর ৪টার দিকে বন্ধুটি মেসেজটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি নানাকে ফোন করেন এবং দ্রুত তার বাসভবনে পৌঁছান।
বাড়িতে গিয়ে তিনি দেখতে পান, অভিনেতার শরীর প্রচণ্ড ঘেমে গেছে এবং ধীরে ধীরে তিনি জ্ঞান হারাচ্ছেন। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত কেয়ারটেকারকে হাসপাতালে পাঠানো হয় এবং অ্যাম্বুলেন্স ডাকা হয়।
জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, নানা পাটেকর তখন সম্পূর্ণ সাড়াহীন অবস্থায় রয়েছেন। তাকে বাঁচাতে ঘটনাস্থলেই কার্ডিয়াক মাসাজ শুরু করা হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ধরে সিপিআর ও কার্ডিয়াক মাসাজের মাধ্যমে তার হৃদযন্ত্র সচল করার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোর ৫টা ৩০ মিনিটে চিকিৎসকরা নানা পাটেকরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ পরে পুলিশকে বিষয়টি জানায়। এরপর অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার সময় নানা পাটেকরের পরিবারের কেউ বাসায় ছিলেন না। তবে তার কয়েকজন বন্ধু ও কেয়ারটেকার সেখানে উপস্থিত ছিলেন।
নানা পাটেকর স্ত্রী নীলকান্তি, ছেলে মল্লার পাটেকর এবং দুই ভাই অশোক ও দিলীপ পাটেকরকে রেখে গেছেন। তার মৃত্যুর ঘটনায় চিকিৎসা সংক্রান্ত একটি আইনি মামলাও দায়ের হয়েছে।
প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কিয়ারা আদভানি ও রকুল প্রীত সিংসহ বিশিষ্ট ব্যক্তিরা নানা পাটেকরের প্রয়াণে গভীর সমবেদনা জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ সিনেমায় শাহিদ কাপুর ও ট্রিপটি ডিমরির সঙ্গে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় নানা পাটেকরকে। বক্স অফিসে সিনেমাটি আশানুরূপ সাফল্য না পেলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়।
এ ছাড়া প্রাইম ভিডিওর ‘সুবেদার’ সিনেমায় বিশেষ উপস্থিতি এবং ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারের জন্য প্রকাশ ঝা পরিচালিত সামাজিক-রাজনৈতিক ড্রামা সিরিজ ‘সংকল্প’-এও অভিনয় করেছেন তিনি। এসব কাজের মধ্য দিয়ে অভিনয়জীবনের শেষ পর্যায়েও দর্শকদের সামনে নিজের শক্তিশালী উপস্থিতি তুলে ধরেছেন নানা পাটেকর।