![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে পানি সংরক্ষণ, বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করে নতুন উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের অবদান রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর শত শত পেশাজীবী তৈরি হচ্ছেন, যাদের দেশ ও দেশের বাইরেও চাহিদা রয়েছে।
টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, এ খাতে পানির ব্যবহার অত্যাধিক। এর ফলে ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে এবং দিন দিন ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
তিনি ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি পানির বিকল্প উদ্ভাবনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্প যত এগিয়ে যাবে, পানি সংরক্ষণের বিষয়টিও তত বেশি গুরুত্ব পাবে। একই সঙ্গে কার্যকর বর্জ্যপানি শোধন ও পরিশোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পরিবেশের ওপর চাপ কমিয়ে উৎপাদন অব্যাহত রাখতে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিও গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, টেকসই শিল্প উন্নয়নের ক্ষেত্রে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পানি পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে মূল বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬-এর আয়োজনের মধ্য দিয়ে টেক্সটাইল খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন পানিসম্পদমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।